তিন দিন আগে ১৭০ জনের প্রাণ কেড়ে নেওয়া আত্মঘাতী বোমা হামলার ক্ষত শুকাতে না শুকাতে আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটেছে। বিদেশি সৈন্যদের আফগান ছাড়ার শেষ ধাপে পৌঁছানোর আগ মুহূর্তে রোববার বিমানবন্দরের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, বিমানবন্দরের পাশের বিস্ফোরণ স্থানের আশপাশে প্রচুর ধোঁয়া আকাশে উড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য শনিবার কাবুল বিমানবন্দরে সম্ভাব্য হামলার শঙ্কার কথা জানিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার আশঙ্কা করছেন। ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এ হামলা হতে পারে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে বিমানবন্দরের কাছের খাজা বাগরা এলাকার কাছের একটি বাড়িতে রকেট আঘাত হানার ইঙ্গিত পাওয়া গেছে বলে তোলো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.