
করোনা মহামারি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুরোপুরি বিদায় নিয়েছে বলে দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকায় করোনা মহামারি আর নেই।’
রবিবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম সিবিএসের একটি অনুষ্ঠানে এই কথা জানান বাইডেন। হাজারো দর্শকের সামনে মহামারি আবহ শেষ হওয়ার কথা ঘোষণা করেন তিনি।
বাইডেন বলেন, ‘করোনা নিয়ে আমাদের দেশে এখনো বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা বর্তমানে করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। কিন্তু মহামারি আর নেই। আপনারা যদি লক্ষ করেন, তাহলে দেখবেন এখন আর কেউ মাস্ক পরেন না। সবাই বেশ ভালো আছে বলেই মনে হচ্ছে। এবং তাই আমি মনে করি যে করোনা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসছে।’
বাইডেন আরও দাবি করেন, তিনি ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হয়েছে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ে বাইডেন দেশবাসীকে আশ্বস্ত করলেও তথ্য কিন্তু অন্য কথা বলছে। আমেরিকার করোনা রিপোর্ট অনুযায়ী, এখনো দেশটিতে প্রতিদিন বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে অনেকের।
আমেরিকার করোনা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য বলছে, আমেরিকাতে করোনা আক্রান্ত হয়ে এখনো প্রতিদিন গড়ে প্রায় ৪০০ জন করে মারা যাচ্ছেন।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, এনবিসিনিউজ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.