
রাশিয়ায় আঘাত হানতে ইউক্রেনকে বিপুল সংখ্যক গোলাবারুদ দিচ্ছে ইসরায়েল। দেশটির গুদাম থেকে লাখ লাখ গোলাবারুদ পৌঁছে যাচ্ছে ইউক্রেনে। আর এই কাজটি গোপনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে কোনও সংঘাত বাধলে তা মোকাবেলার জন্য ইসরায়েলে আমেরিকার যে জরুরি গোলাবারুদের মজুদ রয়েছে তা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ রাশিয়াকে মোকাবেলার জন্য ইউক্রেনে পাঠানো হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন এবং তেল আবিব ৩ লাখ শেল ইউক্রেন পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। এর মধ্যে অর্ধেক শেলই আগে ইউক্রেনে পাঠানো হয়েছে। এসব গোলা ইউরোপে নেওয়া হবে এবং চূড়ান্তভাবে তা পোল্যান্ড হয়ে ইউক্রেনে ঢুকবে।
ওই প্রতিবেদন অনুসারে, মার্কিন কর্মকর্তারা ঘটনার আড়ালে থেকে ইসরায়েল থেকে এসব গোলাবারুদ সংগ্রহ করছেন যাতে চলতি ২০২৩ সালে ইউক্রেনের জন্য পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা যায়। চলতি বছর আমেরিকা ইউক্রেনকে ১০ লাখের কিছু বেশি ১৫৫ মিলিমিটারের কামানের গোলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চলমান যুদ্ধে কিয়েভের সেনাদের জন্য আর্টিলারি শেলই এখন প্রধান যুদ্ধ উপকরণ হয়ে দাঁড়িয়েছে।
ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারি
ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরোভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন. তেল আবিব সরকার ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ ও যেকোনো সাহায্য দেয়া অব্যাহত রাখলে মস্কোও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
ভিক্টোরভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমরা এ বিষয়টি সাবধানতার সঙ্গে পরীক্ষা করছি এবং এটি নিশ্চিত হলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।" তবে রুশ কূটনীতিকের মন্তব্য থেকে এটা স্পষ্ট নয় যে মস্কো ইসরাইলের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে।
ইসরাইল ইউক্রেনকে হেলমেট এবং ফ্ল্যাক জ্যাকেট সরবরাহ করবে বলে এই অবৈধ শাসক গোষ্ঠীর যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টজ ঘোষণা দেয়ার পর রুশ কূটনীতিকের পক্ষ থেকে এ বক্তব্য এলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.