বৈশ্বিক বিদ্যুৎ সঙ্কটের প্রভাব মোকাবেলা করতে করতে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের একমাত্র মুসলিম দেশ কসোভো। মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশটির অর্থমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। বৈশ্বিক বাজারে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করা দেশটির সরকার। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের সূত্র খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশটি।
ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞদের অভিযোগের জায়গা একটাই– এর মাত্রাতিরিক্ত বিদ্যুৎ খরচ। বিটকয়েনের মতো ক্রিক্টোকারেন্সি মাইনিংয়ের জন্য “বিশেষায়িত মেশিন” ব্যবহার করতে হয় মাইনারদের। এই কাজে শক্তিশালী কম্পিউটার প্রয়োজন যার বিদ্যুৎ খরচও বেশি। কেবল মাইনিং নয়, ক্রিপ্টোকারেন্সির ডিজিটাল লেনদেন নিশ্চিত করার পুরো প্রক্রিয়াটিতেই বিদ্যুৎ খরচ অনেক বেশি।
‘কারিগরি ত্রুটির কারণে’ ডিসেম্বর মাসে বন্ধ হয়েছে বালকান রাষ্ট্রটির বৃহত্তম কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ফলে বেশি দামে বিদ্যুৎ আমদানি করতে বাধ্য হচ্ছে প্রতিবেশি দেশগুলো থেকে। এদিকে সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোমাইনিংয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে চীন ও ইরানের মতো একাধিক রাষ্ট্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.