প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে ১০ মিনিটে দেড় লিটার ঠান্ডা পানীয় পান করেন। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ২২ বছরের এক তরুণ। সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর পরিমাণ কোমল পানীয় খাওয়ায় তার শরীরে বিপুল গ্যাস তৈরি হয়েছিল, যার জেরেই মৃত্যু হয়েছে ওই তরুণের।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ২২ বছরের ওই তরুণের নাম জানা যায়নি। তবে দেড় লিটার ঠান্ডা পানীয় পান করার ঘণ্টা ছয়েক পর প্রবল পেটে ব্যথা নিয়ে বেইজিংয়ের চাওয়াং হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের জানান, গরম থেকে রেহাই পেতে তিনি একসঙ্গে দেড় লিটার কোমল পানীয় পান করেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার ১৮ ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়। চিকিৎসকরা ওই তরুণের সিটি স্ক্যানও করেছিলেন। স্ক্যানের রিপোর্টেই গ্যাসের ব্যাপারটি ধরা পড়েছে।
পাশাপাশি, ওই যুবকের যকৃতে আগে থেকেই সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, একসঙ্গে এত বেশি কোমল পানীয় পান করায় ওই তরুণের অন্ত্রে গ্যাস তৈরি হতে শুরু করেছিল। বিপুল পরিমান গ্যাসের কারণে যকৃতে অক্সিজেনের অভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও রক্তচাপ কমে গিয়েছিল তার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.