ফ্রান্সে করোনার পঞ্চম ঢেউয়ে উদ্বেগজনক হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। ইউরোপের এই দেশটিতে নতুন করে দৈনিক করোনা সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণের কাছাকাছি রয়েছে।
এক সপ্তাহ আগে দেশটিতে করোনা সংক্রমণের ঘটনা ছিল দৈনিক গড়ে ৯ হাজার ৪৫৮টি। গত সাত দিন সেই সংখ্যা গড়ে ১৭ হাজার ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির এই হার প্রায় ৮১ শতাংশ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের পঞ্চম ঢেউ বিদ্যুতের গতিতে শুরু হয়েছে। সর্বশেষ সাত দিনে সংক্রমণ বৃদ্ধির হার গত তিন সপ্তাহের তুলনায় তিনগুণের বেশি।
সংক্রমণ বৃদ্ধির এই হার ত্বরিত গতিতে ঘটছে। শনিবারও দেশটির বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯৭৪ জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে এক হাজার ৩৩৩ জন রয়েছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এক মাস আগে রোগীর এই সংখ্যা ছিল যথাক্রমে সাড়ে ৬ হাজার ও এক হাজার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.