প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:৩৭ পি.এম
বাদুড়ের মধ্যে করোনাভাইরাসের নতুন সূত্র পেলেন চীন বিজ্ঞানী

নভেল করোনাভাইরাসের উৎস সন্ধানে নতুন সূত্র পেলেন বিজ্ঞানীরা।চীন সীমান্তবর্তী লাওসের উত্তরাঞ্চলে গুহায় বাস করা বাদুড়ের মধ্যে এমন এক ভাইরাসের সন্ধান মিলেছে, যার সঙ্গে সার্স-কভ-২-এর মিল আছে। এসংক্রান্ত গবেষণাপত্র প্রকাশের জন্য ‘ন্যাচার’ সাময়িকীতে পাঠানো হয়েছে। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার মানবদেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
অনেক বিজ্ঞানীই মনে করেন, বাদুড় বা অন্য কোনো প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে, চীনের গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিজ্ঞানীদের একটি দল চীনে গেলেও তাদের যথাযথভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ আছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা তদন্ত শেষে জানিয়েছিলেন, বাদুড় থেকেই মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব লাওসের গবেষকরা জানিয়েছেন, অনুসন্ধানে তাঁরা দেখতে পেয়েছেন, সার্স কভ-২-এর সঙ্গে জিনগত মিল থাকা ভাইরাস মিলেছে বাদুড়ের মধ্যে। এসব বাদুড় চীনের প্রতিবেশী দেশ লাওসের উত্তরাঞ্চলের গুহাগুলোতে বাস করে। ভিয়েন্টাইন প্রদেশের গুহাগুলোতে থাকা শতাধিক বাদুড় পরীক্ষা করে তিনটি ভাইরাস পাওয়া গেছে।
পাস্তুর ইনস্টিটিউটের গবেষকদলের প্রধান মার্ক ইলোইট জানিয়েছেন, মিল থাকলেও সার্স কোভ-২ ও লাওসে পাওয়া ভাইরাসগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। তবে মহামারির উৎস অনুসন্ধানে এটি বড় একটি পদক্ষেপ। এই গবেষণা বাদুড়ের মাধ্যমে করোনা মহামারি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার তত্ত্বকে সমর্থন করছে।
সূত্র : এএফপি
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.