
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি হচ্ছে।
শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মিত্রদের মস্কো থেকে সরে যেতে বাধ্য করার জন্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা পারমাণবিক ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেন পুতিন। অবশ্য প্রয়োজনে ইউক্রেনে পরমাণু হামলার হুমকি আগেই দিয়েছে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো ক্রেমলিনের সাম্প্রতিক সেই হুমকির নিন্দা করেছে।
মস্কো-ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা সংস্থা ভালদাই ফোরামে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক অনুষ্ঠানে পুতিন বক্তব্য দেওয়ার সময় বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে আমরা সক্রিয়ভাবে কিছু বলিনি। আমরা শুধুমাত্র পশ্চিমা দেশগুলোর নেতাদের মন্তব্যের ইঙ্গিতের বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছি।
পশ্চিমাদের অভিযুক্ত করে তিনি বলেন, তারা বিপজ্জনক, রক্তাক্ত, নোংরা খেলা খেলছে। বিশ্বের বেশিরভাগ সমস্যা সৃষ্টির জন্য পশ্চিমাদেরকে দোষারোপ করে পুতিন জোর দিয়ে বলেন, পশ্চিমের ‘একক আধিপত্য’ এখন শেষ হয়ে আসছে।
রুশ প্রেসিডেন্ট আরো বলেন, আমরা একটি ঐতিহাসিক সময়ে আছি। সামনে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে গুরুত্বপূর্ণ দশক অপেক্ষা করছে।
তিনি বলেন, বৈশ্বিক শৃঙ্খলা রক্ষায় পশ্চিমারা আর দায়িত্বে থাকতে সক্ষম নয় - তবে আধিপত্য ধরে রাখতে তারা ‘মরিয়া চেষ্টা’ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.