
গুজরাটের বহুল আলোচিত দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নির্মিত ডকুমেন্টারি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।
ইতোমধ্যে টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষকে বিবিসির এই ডকুমেন্টারির লিঙ্ক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। শনিবার (২১ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (আইঅ্যান্ডবি) ওই দুই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টকে বিবিসির ডকুমেন্টারির প্রথম পর্বটি ব্লক করতে বলেছে।
এছাড়া এ সংশ্লিষ্ট অর্ধ-শতাধিক টুইট মুছে ফেলতে টুইটার কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। ভারতের তথ্যপ্রযুক্তি বিধিমালা-২০২১ এর আওতায় লিঙ্কগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। ইউটিউব এবং টুইটার উভয় কর্তৃপক্ষই এই আদেশ মানতে সম্মত হয়েছে।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েনও এ ডকুমেন্টারি নিয়ে টুইট করেছেন বলে জানা গেছে। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘সেন্সরশিপ। বিবিসির ডকুমেন্টারি নিয়ে আমার টুইট সরিয়ে নিয়েছে টুইটার। এটি লক্ষাধিক ভিউ পেয়েছিল।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.