
২০২২ সালের বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা অনুসারে আগামী ১৫ নভেম্বরে বিশ্বে জনসংখ্যা ৮০০ কোটির ঘর স্পর্শ করবে। ভারত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে বলেও অনুমান করা হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবসে জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে পৃথিবী।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রধান নাটালিয়া কানেম জানান, ৮০০ কোটি মানুষ মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। এজন্য প্রত্যাশিত গড় আয়ু বৃদ্ধি এবং মা ও শিশুমৃত্যু কমে আসার প্রশংসাও করেছেন তিনি।
তবে বিশ্বজনসংখ্যার রেকর্ড স্পর্শের এই মুহূর্তটিকে সবাই একভাবে নাও নিতে পারে। তাদের মতে এটা উদযাপনের বিষয় নয়, উদ্বেগের। আমাদের বিশ্বে অতিরিক্ত জনসংখ্যা নিয়ে তারা উদ্বিগ্ন। তবে এ বিষয়ে ইঙ্গিত করে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রধান জানান, মানব জীবনের নিছক এই সংখ্যা কোনো ভয়ের কারণ নয়।
তবে তারপরও প্রশ্ন থেকেই যায়। আর তা হলো- আমাদের সংখ্যা কি এতই বেশি যে তা পৃথিবীর জন্য বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে? যাদও অনেক বিশেষজ্ঞই বলছেন, এমন প্রশ্ন করাটাই ভুল। অতিরিক্ত জনসংখ্যাভীতির চেয়ে আমাদের মধ্যকার সবচেয়ে ধনীদের এই গ্রহের সম্পদের অতিমাত্রায় ভোগ-দখল মানসিকতার ওপর আমাদের নজরদরি করা উচিত। বিশেষজ্ঞের অধিকাংশেরই মত হচ্ছে- বিশ্বের ধনবান বাসিন্দাদের অতিমাত্রায় সম্পদ ভোগই হচ্ছে তুলনামূলক বড় সমস্যা।
এদিকে যুক্তরাষ্ট্রের রকফেলার ইউনিভার্সিটির ল্যাবরেটরি অব পপুলেশনের জোয়েল কোহেনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, 'কাদের জন্য অনেক বেশি, কিসের জন্য অনেক বেশি? আপনি যদি আমাকে এ প্রশ্ন করেন, আমি কি অনেক বেশি হয়ে গেলাম? আমি তেমনটা মনে করি না।'
জোয়েল কোহেন আরও বলেন, পৃথিবী কত মানুষের ভার নিতে পারে, এমন প্রশ্নের দুইটি দিক থাকে যার একটি হলো প্রাকৃতিক সীমাবদ্ধতা আর অপরটি হচ্ছে আমাদের পছন্দসমূহের তালিকা।
আর আমাদের পছন্দের পরিণতি হলো, এই গ্রহ প্রতিবছর যে পরিমাণ পুনরুৎপাদন করতে পারে, এর চেয়ে মানবজাতির অনেক বেশি জৈবিক সম্পদ ভোগ। এই ভোগের কবলে পড়া সম্পদমূহের মধ্যে রয়েছে বন, ভূমি প্রভৃতি। উদাহরণস্বরূপ বলা যায়, জীবাশ্ম জ্বালানির অত্যধিক ব্যবহার আরও বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমনের দিকে ঠেলে দিচ্ছে, যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী।
কোহেন আরও বলেন, আমরা নির্বোধ। আমাদের দূরদর্শিতার অভাব ছিল। আমরা লোভী। আমরা আমাদের কাছে থাকা তথ্য ব্যবহার করি না।
অনেকেই মনে করছেন, এই অদূরদর্শিতা আর তথ্যের উপযুক্ত ব্যবহার না করার মধ্যেই সমস্যা এবং সমস্যা সমাধানের উপায়সমূহ নিহিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.