বর্ষবরণ করতে একটা-দুটো নয়, ঠান্ডা পানিতে টানা ৪৫ মিনিট ধরে ২০২২টি ডুব দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানায়, গতকাল শনিবার (০১ জানুয়ারি) নববর্ষকে স্বাগত জানাতে বিষ্ণুপুরের লালবাঁধের হিমশীতল পানিতে পরপর ২০২২ টি ডুব দিয়েছেন সদানন্দ নামে এক যুবক।
যতদিন বাঁচবেন ততদিন এভাবেই বর্ষবরন করবেন বলে মনস্থির করেছেন তিনি। সদানন্দ বলেন, পাঁচ বছর আগে তার মাথায় আসে পানিতে ডুব দিয়ে বিশ্বরেকর্ড করার। কিন্তু কতটা ডুব দিলে তা সম্ভব, সে তথ্য জানা নাই তার।
এরপর তিনি মনস্থির করেন, সালের সংখ্যার ধরেই ডুব দেবেন। সেই থেকে প্রতি বছর ডুব দিয়ে আসছেন তিনি। এবারো তার ব্যতিক্রম হয়নি। শনিবার ২০২২ সালের প্রথম দিনে পরপর ২০২২টি ডুব দেন সদানন্দ।
মল্ল রাজাদের স্মৃতি বিজড়িত লালবাঁধের পাড়ে দাঁড়িয়ে সদানন্দের এই অভিনব কায়দায় বর্ষবরণ উপভোগ করছেন বিষ্ণুপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাও।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.