আফগানিস্তানে সরকার গঠন করার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছিল না তালেবান সরকারের। প্রথম দফায় অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদের নাম ঘোষণার পর মন্ত্রিপরিষদে নতুন আরও বেশ কয়েকজনকে যুক্ত করা হয়।
এখন আবার মন্ত্রিপরিষদে পরিবর্তন আনতে যাচ্ছে তালেবান। ইসলামিক আমিরাতের উপমুখপাত্র বিলাল কারিমি এ তথ্য জানান। খবর টোলো নিউজের। বিলাল বলেন, ইসলামিক আমিরাত মন্ত্রিপরিষদে পরিবর্তন আনতে চাইছে। পেশাদার কর্মকর্তাদের মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে।
ইসলামিক আমিরাতের এ উপ-মুখপাত্র আরও বলেন, মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। মন্ত্রিসভা সম্পূর্ণ করা হবে বিশেষজ্ঞ ও মেধাবীদের দিয়ে যারা সমাজের বিভিন্ন দিকের প্রতিনিধিত্ব করেন। মন্ত্রিসভা বড় করা হলেও এখনও তালেবানের অন্তর্বর্তী সরকারকে কোনো দেশ স্বীকৃতি দেয়নি।
আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলো বারবার তালেবানকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে আসছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.