
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি বাস চাপা পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) রিসারালদা প্রদেশে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন। খবর বিবিসি।
এক বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, আমি অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা দিচ্ছি যে, রিসারালদার পুয়েবলো রিকো ট্র্যাজেডিতে এখন পর্যন্ত তিন শিশুসহ ২৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি।
দেশটির সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পুয়েবলো রিকোর মেয়র লিওনার্দো ফ্যাবিও সিয়াগামা সাংবাদিকদের বলেছেন, ভূমিধসে বাস চাপা পড়ে যারা মারা গেছেন, তাদের দেহ শহরের একটি স্টেডিয়ামে আনা হচ্ছে।
এর আগে, রিসারালদার গভর্নর ভিক্টর ম্যানুয়েল তামায়ো বলেছিলেন, চাপা পড়া বাস থেকে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ায় বর্তমানে অস্বাভাবিক ভারী বর্ষা মৌসুম শুরু হয়েছে; যা লা নিনা আবহাওয়ার কারণে ঘটেছে বলে দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.