
চলন্ত বিমানে মাস্ক পরা নিয়ে দুই পক্ষের ঝগড়া শুরু হয়। উভয়েই একে অপরকে মাস্ক পরতে বলছেন। অথচ মাস্ক পরে নেই দুজনের কেউই। ঝগড়া মাত্রা ছাড়ালে একজনকে ঘুষি মেরে তার গায়ে থুতু ছেটালেন অপরজন। আর এই নিয়েই ভাইরাল হল ভিডিও।
সহযাত্রীকে মারধর করা ও তার গায়ে থুতু ছেটানোর কারণে শ্রীঘরেও যেতে হল অন্য যাত্রীকে। এই অবাক করা ঘটনাটি ঘটেছে টাম্পা থেকে আটলান্টা যাওয়ার বিমানে। সহযাত্রীকে মারধর করা ও তাঁর গায়ে থুতু ছেটানোর অভিযোগে নারী যাত্রীটিকে গ্রেপ্তারও করে এফবিআই।
নিউইয়র্ক পোস্টের মতে, গত ২৩ ডিসেম্বর বিমানে থাকা ৫১ বছর বয়সি নারী প্যাট্রিসিয়া কর্নওয়াল শৌচাগার থেকে তার আসনে ফিরে যাচ্ছিলেন। সেই সময় তার যাওয়ার পথে একটি পানীয়ের টেবিল রাখা থাকায় এক জন বিমান সেবক তাকে কিছু ক্ষণের জন্য একটি ফাঁকা আসনে বসতে অনুরোধ করেন।
এই নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদ শুরু হলে সামনে বসা অপর এক যাত্রী ওই নারী যাত্রীকে চুপ করার পরামর্শ দেন। এর পরে ওই ব্যক্তির সঙ্গেও তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। নারী যাত্রী চিত্কার করে ওই ব্যক্তিকে মাস্ক পরতে বলেন। ওই ব্যক্তিও পাল্টা গালাগালি করে নারীকে মাস্ক পরতে বলেন। দু’জনের কেউই মাস্ক পরে ছিলেন না।
এর পর কথা কাটাকাটি মাত্রা ছাড়ালে প্যাট্রিসিয়া ওই ব্যক্তির উপর চড়াও হয়ে ঘুষি মারেন। এর পরে বিমানের ক্রু-সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলে তিনি ওই ব্যক্তির উপর থুতু ছেটাতে শুরু করেন। এক জন সহযাত্রী গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করেন। পরে এই ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। বিমান আটলান্টায় অবতরণ করার পরেই নারীকে হেফাজতে নেয় এফবিআই।
সুত্র-আনন্দবাজারপত্রিকা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.