
রাশিয়া থেকে সস্তায় তেল কেনার পরিমাণ বাড়িয়েছে ভারত। তা সত্ত্বেও দিল্লির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট কারেন ডর্নফিল্ড বলেন, ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, নীতিগত বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মতভেদ হতে পারে, কিন্তু দুই দেশই আন্তর্জাতিক নিয়ম মেনে আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য দায়বদ্ধ।
আরেক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট জিওফ্রে পিয়াট বলেন, ভারত যেভাবে রাশিয়া থেকে তেল কিনছে, তাতে যুক্তরাষ্ট্রের কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিষয় নিয়ে আলোচনাকে আমরা অবশ্যই গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যত দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সেখানে এ বিষয়ে আলোচনা হয়েছে।
মার্কিন কূটনীতিকরা জানান, রাশিয়ার তেলের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, তা তারা সমর্থন করেন। তাদের মতে, ভারত তেলের দাম নিয়ে কোনো দরাদরি করেনি, কিন্তু তাদের সামনে তেল কেনার একটা সুযোগ এসে গেছে।
গত ডিসেম্বরে অবশ্য মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, চীন ও ভারতের মতো দেশগুলো দাম কমানো নিয়ে দরাদরি করতেই পারে। মার্কিন কূটনীতিকদের ইঙ্গিত, তেলের দাম বেঁধে দেওয়ার কারণ হচ্ছে তেল বিক্রি করে রাশিয়া যাতে বেশি অর্থ না পায় এবং তা দিয়ে যেন যুদ্ধ চালাতে না পারে, সেই ব্যবস্থা করা।
গত কয়েক মাস ধরে ভারত রাশিয়া থেকে আরও বেশি করে তেল কিনছে। তারা সেই তেল শোধন করে জ্বালানি হিসেবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে বিক্রি করছে। পরিশোধিত তেলকে কোনোভাবে রাশিয়ার বলা যাবে না।
গত মাসে ভারত প্রতিদিন ৮৯ হাজার ব্যারেল গ্যাসোলিন ও ডিজেল নিউ ইয়র্কে পাঠিয়েছে। চার বছরের মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি সরবরাহ করেছে ভারত। ডেনা ইনটেলিজেন্স সংস্থা কেপলারকে উদ্ধৃত করে ব্লুমবার্গ জানায়, জানুয়ারিতে ভারত ইউরোপকে প্রতিদিন এক লাখ ৭২ হাজার ব্যারেল লো সালফার ডিজেল পঠিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.