করোনা মহামারী শুরুর পর যে দেশগুলো সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করেছিল, নিউজিল্যান্ড সেগুলোর অন্যতম। মহামারীর কারণে নিউজিল্যান্ডের সীমান্ত প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। তবে বিধিনিষেধগুলি সহজ করে পর্যায়ক্রমে সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। বিবিসি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে দেয়া এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় অবস্থানরত টিকাপ্রাপ্ত নিউজিল্যান্ডবাসীরা আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশে ফিরতে পারবেন। তবে বিশ্বের অন্যান্য দেশে অবস্থানকারী টিকাপ্রাপ্ত নাগরিকরা মার্চের ১৩ তারিখ থেকে নিউজিল্যান্ডে ফেরার সুযোগ পাবেন। দেশে ফেরার পর সবাইকেই ১০ দিন নিজের ঘরে আইসোলেশনে থাকতে হবে। তবে এবার সরকারি কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকছে না।
যে পাঁচটি ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করবে নিউজিল্যান্ড সরকার
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, ছবি: বিজনেস ইনসাইডার
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, ছবি: বিজনেস ইনসাইডার
প্রথম ধাপ: অস্ট্রেলিয়ায় অবস্থানরত টিকাপ্রাপ্ত নিউজিল্যান্ডবাসীরা ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরতে পারবেন। দ্বিতীয় ধাপ: বিশ্বের অন্যান্য দেশে অবস্থানকারী টিকাপ্রাপ্ত নাগরিকরা মার্চের ১৩ তারিখে থেকে নিউজিল্যান্ডে ফেরার সুযোগ পাবেন। এই বিধি দক্ষ বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তৃতীয় ধাপ: ১২ এপ্রিল থেকে ৫০০০ আন্তর্জাতিক শিক্ষার্থী নিউজিল্যান্ডে প্রবেশের অনুমতি পাবেন। চতুর্থ ধাপ: অস্ট্রেলিয়াসহ অন্যান্য যেসব দেশের নাগরিক নিউজিল্যান্ডে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন, তারা জুলাইয়ের পর থেকে নিউজিল্যান্ডে ভ্রমণ করতে পারবে। পঞ্চম ধাপ: অক্টোবর থেকে সকল ধরনের দর্শনার্থী, পর্যটক এবং ছাত্ররা প্রবেশ করতে পারবে।
কলমকথা/রোজ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.