
নতুন গুগলি ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার (৯ এপ্রিল) জাতীয় পরিষদে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা।
একইদিন সুপ্রিম কোর্টের ওই রায়ের বিরুদ্ধে এই রিভিউ পিটিশন দাখিল করা হয়। এর আগে বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কাসিম সুরির দেয়া অনাস্থা প্রস্তাব খারিজের রায় পাকিস্তানের আইন এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সুপ্রিম কোর্ট ওই রায় বাতিল করে। এদিকে রিভিউ পিটিশনে পিটিআই বলেছে, সংসদের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না।
এদিকে পাকিস্তানের আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি বিলম্বিত করার লক্ষ্যেই এই রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। স্থানীয় সময় রাত ৮টার পর অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.