
আজ সোমবার (৩ অক্টোবর) থেকে ২০২২ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে। প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার (৪ অক্টোবর) পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পরদিন বুধবার (৫ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (৭ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে হবে।
মাঝে শনি ও রোববার বিরতি দিয়ে সোমবার (১০ অক্টোবর) শেষ দিন অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।
দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে। কিন্তু তারা এ বিষয়ে আগে থেকে কিছু জানায় না। প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে। কিন্তু মনোনয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু নাম প্রকাশ করে থাকেন।
সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি-এ ছয় শাখায় নোবেল দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.