বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের ৮৯টি দেশে করোনাভাইরাসের ওমিক্রন শনাক্ত হয়েছে। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত এক আপডেটে সংস্থাটি এ তথ্য দিয়েছে।
এতে জানানো হয়েছে, যেসব স্থানে এই ভ্যারিয়েন্টের কমিউনিটি পর্যায়ে সংক্রমণ হচ্ছে সেখানে প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দুইগুন হচ্ছে। এমনকি যেসব দেশে এরইমধ্যে বেশীরভাগ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ছে ভ্যারিয়েন্টটি। গত ২৬ নভেম্বর ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই ভ্যারিয়েন্ট শনাক্তের পর খুব অল্প সময়ের মধ্যেই একে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়। তবে এখনো এই ভ্যারিয়েন্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়নি।
মানবদেহে এর প্রভাব কেমন হবে সে সম্পর্কেও তেমন ধারণা নেই বিজ্ঞানীদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের প্রভাবের মাত্রা নিয়ে এখনো সামান্য তথ্যই রয়েছে তাদের কাছে। এটি মানবদেহে কেমন প্রভাব ফেলে এবং ভ্যাকসিন এর বিরুদ্ধে কেমন সুরক্ষা দেয় তা জানতে আরও তথ্য প্রয়োজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.