জাপানের একটি দ্বীপে ৩০টি বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে। এদের অধিকাংশের ঘাড়ে ছুরির আঘাত রয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে এই খবরটি নিশ্চিত করেছে। ওই দ্বীপের নাম কুমেজিনা। ওই দ্বীপের স্থানীয় বাসিন্দারা গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ভাটার পর কচ্ছপগুলো খুঁজে পান। স্থানীয় সংবাদমাধ্যম দ্য মাইনিচি জানায়, একজন জেলে জাল থেকে কচ্ছপ অপসারণের জন্য তাদের আঘাতের কথা স্বীকার করেছে।
পুলিশ নিষ্ঠুর এ কর্মকাণ্ডের তদন্ত করছে। ওই প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে ঘনিষ্ঠ একটি সূত্রকে জানিয়েছে, 'আমি জাল থেকে কিছু কচ্ছপ অপসারণ করেছি এবং তাদের সাগরে ছেড়ে দিয়েছি। কিন্তু আমি বড় কচ্ছপগুলোকে অপসারণ করতে পারছিলাম না বলে সেগুলোকে ছুরিকাঘাত করতে বাধ্য হয়েছি।'
এদিকে জাপান সরকার এবং গ্লোবাল কনজারভেশন গ্রুপ সবুজ সামুদ্রিক কচ্ছপকে বিপন্ন প্রজাতির হিসেবে তালিকাভুক্ত করেছে। ওই কচ্ছপগুলো উদ্ধারের পর দ্বীপের সামুদ্রিক কচ্ছপ জাদুঘরের সামুদ্রিক জীববিজ্ঞানীরা ওই দ্বীপে যান। যদিও ততদিনে অধিকাংশ কচ্ছপ মারা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.