
রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ২৫ জন। দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। গতকাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে।
তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই আবাসিক এলাকার একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এছাড়া ওই ভবনের ওপরের দিকের কয়েকটি ফ্লোর ভেঙে পড়ে।
কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই দেখা গেছে। রাশিয়ার স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন লেগেছে।
ওপরের ফ্লোরগুলো ধসে পড়েছে এবং এর আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনে ৬০০ মানুষ বসবাস করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.