
ইউক্রেনে রাশিয়া যদি কৌশলগত পারমাণবিক বোমা ব্যবহার করে তবে বিশ্ব ‘আরমাগেডন’ বা কেয়ামত তথা মহাবিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের নিউটেস্টামেন্টে বর্ণিত, ‘আরমাগেডন’ হলো সেই স্থান বা কাল যেখানে বিশ্ব ধ্বংসের আগে ভালো ও খারাপের শেষ যুদ্ধ হবে। মুসলিমদের ধর্মে যাকে বলা হয় কেয়ামত।
নিউ ইয়র্কে ডেমোক্রেটিক তহবিল সংগ্রহকারীদের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট পারমাণবিক যুদ্ধের হুমকির বিষয়ে বলেন, আমরা কেনেডি এবং কিউবার সংকটের পর এর আগে আর কখনো এতো বড় সংকটের মুখোমুখি হইনি।
১৯৬২ সালে কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে তৎকালীন সোভিয়েত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক সংঘাতে জড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এখন প্রায় ৫০ বছর পর এসে আবারও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ফলে পারমাণবিক সংঘাতের বিষয়টি আবারও সামনে চলে এসেছে।
রাশিয়ার প্রেসিডেন্টের দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, আমাদের কাছে এমন একজন লোক আছে যাকে আমি মোটামোটি ভালোভাবে চিনি। যখন তিনি (ভ্লাদিমির পুতিন) কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জৈবিক অস্ত্র বা রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের কথা বলেন, তখন তিনি রসিকতা করেন না, কারণ তার সামরিক বাহিনী, আপনি বলতে পারেন, উল্লেখযোগ্যভাবে দুর্বল।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, পারমাণবিক হামলা চালালে নিজেকে আর রক্ষা করতে পারবেন না পুতিন। তিনি বুঝতে পেরেছেন যে পারমাণবিক হামলা হলে বিশ্ব কখনোই রাশিয়াকে ক্ষমা করবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.