
সংযুক্ত আরব আমিরাতের উত্তর ও পূর্বাঞ্চলে আকস্মিক ও ব্যাপক বন্যায় শুক্রবার অন্তত সাতজন এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আলী সালেম আল তুনাইজি বলেছিলেন, ‘আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি বন্যায় এশীয় ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।’ যদিও পরে মন্ত্রণালয়ের থেকে সর্বশেষ তথ্যে সাতজন এশীয় জাতীয়তার ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড অতিক্রম করে যাওয়া দুই দিনের প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উত্তর ও পূর্ব আমিরাতে অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে। অনেক বাসিন্দা সেখানে আটকা পড়েছেন।
২৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুজাইরাহ শহর। আল তুনাইজি জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস আল খাইমাহ, শারজাহ এবং ফুজাইরাহতে দৈনন্দিন জীবন পুনরুদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারী ইউনিটগুলো এখনো উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত ৮৭০ জনকে উদ্ধার করা হয়েছে।
যাদের বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আশ্রয়কেন্দ্রেরও ব্যবস্থা করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ৩ হাজার ৮৯৭ জনকে রাখা হয়েছিল। তবে গত দুই দিনে আশ্রয়কেন্দ্রের ৮০ শতাংশই তাদের নিজ বাড়িতে ফিরে গেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.