ইরানবিরোধী একটি সামরিক জোট গঠন করতে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরমধ্যেই ইরান শুক্রবার (১৫ জুলাই) প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের এই যুদ্ধজাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এসব ড্রোন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমানায় ইরান শুক্রবার এ জাহাজের উদ্বোধন করে।
এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং এটাকিং সুইসাইড ড্রোন রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নস্যাৎ করতে প্রয়োজনে আমেরিকা সামরিক শক্তি ব্যবহার করতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দেয়ার দুইদিন পর ইরান নৌবাহিনীর এই ড্রোনবাহী জাহাজের উদ্বোধন করল। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন এবং সেই সময় বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়।
এর মধ্যে পেলিক্যান, হোমা, আরাশ, চামরুশ, জুবিন, আবাবিল-৪ এবং বভার-৫ সফলতার সঙ্গে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়। ভারটিক্যালি উড্ডয়ন করতে সক্ষম কিছু ড্রোন এ মহড়ায় অংশ নেয়। এছাড়া ফতেহ ও তারেক সাবমেরিন থেকেও ড্রোন উৎক্ষেপণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.