প্রথম হিন্দু নারী হিসেবে পাকিস্তানে পুলিশের সহকারী পুলিশ সুপার (ডিএসপি) পদে নিয়োগ পেয়েছেন মনীষা রূপেতা। পাকিস্তান পুলিশের এত উঁচু পদে কোনো হিন্দু নারী এর আগে বসেননি। গতকাল শুক্রবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে,পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেকবাবাদে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন মনীষা। ১৩ বছর বয়সে বাবার অকালমৃত্যুর পর সন্তানদের নিয়ে করাচিতে বসবাস করতে শুরু করেন তার মা। মনীষার তিন বোন চিকিৎসক। ভাইও ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছেন। ছোটবেলা থেকে ইউনিফর্মপরাদের দেখে অনুপ্রেরণা পেলেও পুলিশের চাকরি করার কথা ভাবেননি তিনি। প্রস্তুতি নিচ্ছিলেন এমবিবিএস প্রবেশিকা পরীক্ষার।
কিন্তু ১ নম্বরের জন্য ভর্তি পরীক্ষায় সফল হতে পারেননি। এরপর মনীষা ফিজিক্যাল থেরাপি শেখার চেষ্টা করেন পাশাপাশি সিন্ধু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশ নেন। পুলিশের চাকরির পরীক্ষায় ৪৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান লাভ করেন মনীষা। পুলিশের ট্রেনিং শেষে লিয়ারির মতো অপরাধপ্রবণ এলাকায় কাজে যোগ দিয়েছেন মনীষা।
ডিএসপি হতে পেরে তিনি বলেন, আমি একটি নারীকরণ অভিযানের নেতৃত্ব দিতে চাই এবং পুলিশ বাহিনীতে লিঙ্গ সমতাকে উৎসাহিত করতে চাই। আমি নিজেও সবসময় পুলিশের কাজের প্রতি খুব অনুপ্রাণিত এবং আকৃষ্ট হয়েছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.