
পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে পূর্ব এশিয়ায় চলছে ব্যাপক উত্তেজনা। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উত্তর কোরিয়া বলছে মার্কিন সামরিক বাহিনীর হুমকির বিরুদ্ধে 'নিয়মিত এবং আত্মরক্ষামূলক' ব্যবস্থা।
শনিবার (৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে উত্তর কোরিয়ার এই ব্যাখ্যা তুলে ধরা হয়। এতে বলা হয়, এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ন্যাশনাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে- ডিপিআরকে'র ক্ষেপণাস্ত্র পরীক্ষার উৎক্ষেপণ দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক শান্তিকে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হুমকি থেকে রক্ষা করার জন্য একটি নিয়মিত ও পরিকল্পিত আত্মরক্ষামূলক ব্যবস্থা।
যা অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে। ডিপিআরকে হচ্ছে উত্তরকোরিয়ার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার আদ্যক্ষর। উত্তর কোরিয়া আরও দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বেসামরিক বিমান চলাচল বা প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার জন্য কোনো হুমকি বা ক্ষতি করেনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.