
ছেলেকে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বাঁচালেন মা। ছেলেকে নিয়ে ঘরের সামনে নামছিলেন ওই নারী। শেষ সিঁড়ির গা ঘেঁষে তখন চার ফুটের একটি সাপ ধীর গতিতে এগিয়ে আসছিল।
এসময় দুজনের কারোরই সিঁড়ির নীচে বিষধর একটি সাপ রয়েছে চোখে পড়েনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শেষ সিঁড়ি থেকে নেমে উঠানে পা দিতেই সাপটির মাথার ওপর পা পড়ে শিশুটির।
কিন্তু এসময় মাথা সরিয়ে নেয় সাপটি। তখনও ওই নারী ও তার ছেলের চোখে পড়েনি যে কত বড় বিপদ অপেক্ষা করছিল তাদের জন্য। ছেলেটি উঠানে নেমে ফের সিঁড়ির দিকে ঘুরতেই ছোবল মারার জন্য ফণা তোলে কোবরাটি।
ওই মুহূর্তে সাপটি মায়ের নজরে পড়তেই তিনি ছেলেকে টেনে সরিয়ে নেন। ঘটনাটি কর্নাটকের মান্ড্যর। গা শিউরে ওঠা এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এদিকে মায়ের এমন সাহসিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
টুইটারে একজন ব্যবহারকারী বলেন, ছেলেটিকে টেনে আনতে যদি ১ সেকেন্ডও দেরি হতো, তাহলে এই কোবরা তাকে দংশন করতো। মায়ের ভালোবাসাকে আমার স্যালুট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.