দীর্ঘ ৭০ বছর পরে এই প্রথম ব্রিটেনের সিংহাসনে বসতে চলেছেন নতুন রাজা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে তার বড় ছেলে প্রিন্স চার্লস ব্রিটেনের পরবর্তী রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) তার রাজা হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। নতুন রাজা হিসেবে নানান সুবিধা পাবেন চার্লস। বিনা লাইসেন্সে গাড়ি চালানো থেকে শুরু করে অভিষেকের পরেই একাধিক ক্ষমতা পাচ্ছেন চার্লস। নতুন রাজা বছরে দুইবার নিজের জন্মদিন পালন করার সুযোগ পাবেন বলে জানা গেছে।
ব্রিটেনে শাসক পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের ব্যাংক নোট, রাজস্ব স্ট্যাম্পসহ কিছু ব্যবস্থায় পরিবর্তন আসতে যাচ্ছে। অবশ্য এই পরিবর্তনের তালিকায় প্রথমেই রয়েছে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হতে যাওয়া শাসক যুগের নাম। রাজা চার্লস আমলে ব্রিটেনে যেসব পরিবর্তন আসছে, সেগুলো হলো-
প্রিন্স চার্লস এখন থেকে রাজা চার্লস তৃতীয় নামে পরিচিত হবেন। তার সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে ব্রিটেনে ক্যারোলিয়ান যুগ শুরু হয়েছে। ক্যারোলিয়ান শব্দটি ল্যাটিন ক্যারোলাস থেকে এসেছে। এর অর্থ হচ্ছে চার্লস।
রাজকীয় সাইফার প্রত্যেক রাজার জন্য অনন্য এবং তাদের নাম ও উপাধি নিয়ে গঠিত। এটি সাধারণত সরকারি ভবন,সরকারি পোশাক, রাজকীয় বা রাষ্ট্রীয় নথি এবং রাজকীয় আনুসাঙ্গিক বস্তুর ওপর চিহ্নিত থাকে। রানি এলিজাবেথ যেহেতু মারা গেছেন, সেহেতু সাইফার ‘ইআর’ পরিবর্তিত হয়ে ‘সিআর’ হতে পারে।
এখনও পর্যন্ত রাজকীয় মেইল পোস্টবক্সগুলোতে 'ইআর দ্বিতীয়' চিহ্ন রয়েছে, যার অর্থ এলিজাবেথ রেজিনা দ্বিতীয়। এটি এখন 'সিআর তৃতীয়' তে পরিবর্তিত হতে পারে। ব্রিটেনে যখন পোস্টবক্সগুলো তৈরি করা হয়, তখন এগুলোতে সেই সময়ে রাজার শাসনের চিহ্ন দেয়া হয়।
মুদ্রায় চিত্রিত করার জন্য চার্লসের নতুন প্রতিকৃতি যুক্ত করা হবে। রানির প্রতিকৃতি যুক্ত মুদ্রা ও নোটগুলো বছরের বাকি সময় বা সম্ভবত আরও বেশি সময় জারি অব্যাহত থাকবে। এরপরে নতুন প্রতিকৃতি যুক্ত নোট বাজারে আসবে।
পোস্ট বক্সের পাশাপাশি রাজকীয় মেইল রানি এলিজাবেথের ছবি পরিবর্তন করে নতুন রাজার ছবি যুক্ত করবে। এর আগে, ১৯৫২ সালে রানি এলিজাবেথ সিংহাসনে বসার পর স্ট্যাম্পের ছবি পরিবর্তন করা হয়েছিল।
রানি এলিজাবেথের সময় ব্রিটেনের জাতীয় সঙ্গীতে 'গড সেভ আওয়ার গ্রেসিয়াস কুইন..........গড সেভ দ্য কুইন' লাইনগুলো ছিল। এখন 'কুইন' শব্দের পরিবর্তে কিং' শব্দটি যুক্ত করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.