দেশে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি অনেকের মনে দুশ্চিন্তার ছাপ ফেলে দিয়েছে। কেননা গণপরিবহনে গুণতে হতে পারে বাড়তি ভাড়া। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, হেঁটে যাওয়া সম্ভব এমন স্থানে যাওয়ার জন্য কোনো পরিবহনের ওপর নির্ভর না করে বরং নিজ পায়ের ওপরই নির্ভর করবেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাঁটার অভ্যাস অনেকভাবে আপনাকে সাহায্য করতে পারে। তবে হাঁটতে হবে দ্রুত এবং নিয়মিত। এ প্রতিবেদনে নিয়মিত হাঁটার কিছু উপকারিতা তুলে ধরা হলো।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে
* অর্থ বাঁচায়: ফিটনেসের জন্য জিমের মেম্বারশিপ কিংবা ঘরে ব্যায়ামের যন্ত্রপাতি এবং ব্যায়ামের পোশাক ও জুতার জন্য অর্থ ব্যয় করতে হয়। কিন্তু এর প্রয়োজন নেই যদি আপনি হাঁটেন- এমনকি জুতাও অপশনাল! হাঁটা স্বাস্থ্যের বড় উপকার করে বলে স্বাস্থ্যসেবার পেছনেও অর্থব্যয় হ্রাস পায়।
* তারুণ্য ধরে রাখে: তারুণ্য ধরে রাখতে হলে নিয়মিত হাঁটতে হবে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, হাঁটার মতো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ টেলোমেয়ারকে সংরক্ষণ করে বা এর স্থায়িত্ব বৃদ্ধি করে। টেলোমেয়ার হচ্ছে আমাদের ডিএনএ এর অংশ, যা বয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে কমে যায়।
* অ্যালার্জি দূর করে: হাঁচি, নাক বন্ধ, চুলকানি কিংবা চোখ থেকে পানি পড়ার কারণে কি আপনি বিব্রতকর অবস্থায় আছেন? তাহলে হাঁটতে পারেন। একটি থাই গবেষণা অনুসারে, হাঁটা বা দৌঁড়ানো (এমনকি ১৫ মিনিটের জন্য হলেও) হাঁচি, চুলকানি এবং ঠান্ডার সমস্যা ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে।
* আয়ু বাড়ায়: আপনি কি আপনার আয়ু বাড়াতে চান? তাহলে হাঁটুন। গবেষণায় দেখা গেছে, ‘প্রতিদিন এক্সারসাইজ করে আপনি আপনার জীবনে সাত বছর যোগ করতে পারেন- আপনার ওজন যাই হোক না কেন।’ যারা হাঁটে তাদের কাছে এই অতিরিক্ত বছরগুলো সুখের হবে। অন্য একটি গবেষণায় পাওয়া যায়, এক্সারসাইজ করে এমন লোকেরা জানায় যে তারা তুলনামূলকভাবে বেশি সুখ ও উদ্দীপনা অনুভব করে এবং ভবিষ্যতের ব্যাপারে বেশ উৎসাহী থাকে।
* গভীর ঘুমে সাহায্য করে: দৈনিক আট ঘণ্টা গভীর ঘুম হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। প্রাণবন্ত ও দ্রুতগামী হাঁটা আপনাকে ভালো ঘুম এনে দেবে, যার ফলে আপনাকে ঘুমের ওষুধ খেতে হবে না এবং ঘুমন্ত অবস্থায় চলাফেরাও দূর হবে। ঘুম সংক্রান্ত গবেষণার মেটা-অ্যানালাইসিস থেকে জানা যায়, যারা নিয়মিত হাঁটেন তাদের ঘুমের মান ভালো ও দীর্ঘ হয়।
* সম্পর্ক উন্নত করে: হাঁটা আমাদেরকে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয় এবং সম্পর্কের উন্নতি ঘটায়। সাইকোলজি অব স্পোর্ট অ্যান্ড এক্সারসাইজে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, আপনি পরিচিতজনদের কাছে ভালো উদাহরণ হবেন যখন তারা দেখবে যে আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করছেন এবং তারাও হাঁটার জন্য আরো বেশি উৎসাহিত হবে।
* মেজাজ ভালো রাখে: স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাঁটার অভ্যাস ডিপ্রেশন বা বিষণ্নতার লাগাম টেনে ধরে। আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, ‘ডিপ্রেশনে ভোগা যেসব লোকেরা প্রতিদিন হেঁটেছে তাদের উপসর্গ ওষুধ সেবনকারীদের মতোই হ্রাস পেয়েছে।’ প্রকৃতপক্ষে, হাঁটার ফলে ৬০ থেকে ৭০ শতাংশ বিষয় আপনার কাছে আর বিষণ্নতার কারণ বলে মনে হবে না। একটি ফলো-আপ গবেষণায় পাওয়া যায়, ‘হাঁটার ফলে মেজাজের যে উন্নতি হয় তা ওষুধের প্রভাবের চেয়ে বেশি স্থায়ী হয়।’
* প্রায় সব ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে: ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুসের রোগ এবং আরো অনেক অসুস্থতা প্রতিরোধের সামর্থ্য আছে বলে এক্সারসাইজকে বলা হয় মিরাকল ড্রাগ বা অলৌকিক ওষুধ। হাঁটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং সহজ, সাশ্রয়ী ও কার্যকরী এই এক্সারসাইজটি আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন থেকে দূরে রাখবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.