তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ওয়ান-ইলেভেনের উপকারভোগীরা ফের সরব হয়েছেন। তারা অনলাইনে সভা করছে, জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবিলা করবে।
নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রোববার (২০ ফেব্রুয়ারি) একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার রক্ত পরাভব জানে না, আপস জানে না। অসংখ্যবার হত্যাচেষ্টা করা হলেও দীপ্ত পদভারে তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির রাজনীতি বিভ্রান্তি, অপপ্রচার আর গুজব রটানোর রাজনীতি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মধ্যে মির্জা ফখরুল সাহেবরা আওয়ামী লীগ খুঁজে পান। অথচ তাদের মধ্যে চারজন সাংবিধানিক পদধারী নিরপেক্ষ ব্যক্তি। তারা সারাদেশে আওয়ামী লীগ দেখতে পান। মির্জা ফখরুল সাহেবকে যদি জ্বিনে ধরে থাকে, তবে তা তাড়ানোর জন্য তাদের নেতাকর্মীদের অনুরোধ জানাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.