
সুখবর দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ নিজের ফেসবুক ফ্যান পেজে এক পোস্টে দেশের জ্বালানি খাতে নতুন আবিষ্কারের কথা তুলে ধরেন তিনি।
ঈদের আগের দিনের তার এই পোস্ট নিঃসন্দেহে দেশের জন্য ভালো একটি খবর।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা-৭ নম্বর কূপে নতুন গ্যাসের মজুদের সন্ধান মিলেছে।
এই কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যাবতীয় কাজ শেষ করে এ মাসের ১০ তারিখ থেকেই এই বাড়তি গ্যাস জাতীয় গ্রিড যোগ হতে পারে বলে জানান ফেসবুক পেজে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
"ঈদের ঠিক আগে আগে আপনাদের সবার সঙ্গে গ্যাস নিয়ে একটি সুখবর দিতে চাই।
আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর কৈলাশটিলা- ৭ নং কূপে দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
সাময়িকভাবে বন্ধ কৈলাশটিলা- ৭ নং কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১ কোটি ৮০ থেকে ৯০ লক্ষ ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি অবশিষ্ট কাজ শেষ করে আগামী ১০ মে ২০২২ তারিখের মধ্যে কৈলাশটিলার ৭ নং কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করতে পারবো।
আপনাদের স্মরণ করিয়ে দিতে একটি তথ্য দিয়ে রাখতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশী শেল অয়েল কোম্পানি’র কাছ থেকে পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ড নাম মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে প্রাকৃতিক গ্যাসের উপর দেশীয় মালিকানা প্রতিষ্ঠা করে গেছেন।
বঙ্গবন্ধুর ক্রয়কৃত পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ডের মধ্যে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ড অন্তর্ভূক্ত রয়েছে। "
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.