তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতির ধারণা সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গতানুগতিক ও একপেশে।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার যে তথ্য প্রকাশিত হয়েছে এটি গতানুগতিক প্রতিবেদন ছাড়া অন্য কিছু নয়।
টিআইবি একটি এনজিও, বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে চলে। জাতিসংঘের অ্যাফিলিয়েটেড কোনও সংস্থাও নয়। আমাদের দেশে অনেক গুরুত্ব পেলেও ভারতসহ অনেক দেশে এই সংস্থাকে গুরুত্ব দেওয়া হয় না।
আমরা মনে করি এ ধরনের সংস্থাগুলো থাকা ভালো। তবে কোনো প্রতিবেদন যদি ভুল তথ্য-উপাত্তে হয় কিংবা ফরমায়েশি, উদ্দেশ্যপ্রণোদিত বা গতানুগতিক হয়―তাহলে সেই সংস্থার মর্যাদা ক্ষুন্ন হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে টিআইবি বিবৃতি দিয়েছে। তারা তো দুর্নীতি নিয়ে কাজ করে। ইসি গঠন আইনের বিষয়টি পুরো রাজনৈতিক। রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে টিআইবি প্রমাণ করেছে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়। টিআইবির বিবৃতি ও বিএনপির বিবৃতির মধ্যে কোনও পার্থক্য ছিল না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.