
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দল যে কেউ করতেই পারেন। এটি তার রাজনৈতিক অধিকার। কিন্তু রাজনীতির নামে দেশে অশান্তি সৃষ্টি করবেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করবেন।
এটা সহ্য করা হবে না। এ সময় সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোমবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো পৃথিবীতে এক ধরনের অস্থিরতা চলছে। যার ফলে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে।
এটি সাময়িক সময়ের জন্য। এটি আমাদের মেনে নিতে হবে। এই সমস্যা চিরকাল থাকবে না। উন্নত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.