
সমাজে সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মানবাধিকার এবং সুশাসন নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ মানুষের জন্য কাজ করছে। সংস্থাটি দারুণ ভূমিকা পালন করছে। আমরা সরকারে আছি আমাদের এক ধরনের কাজ করতে হয়, মানুষের জন্য ফাউন্ডেশনের এক ধরনের কাজ করতে হয়। তবে আমরা যেখানেই থাকি না কেন কাজের বহুমাত্রিকতা থাকা প্রয়োজন আছে।
সমঅধিকার প্রতিষ্ঠা প্রসঙ্গে এম এ মান্নান বলেন, সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্বল মানুষকে সমান কাতারে নিয়ে আসতে হবে। কাউকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সামাজিক স্থিতিশীলতার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
সংগঠনের মাধ্যমে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সারাদেশের প্রায় ৩০ লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা।
তাদের দাবি, সংস্থাটির মাধ্যমে প্রায় ২২ লাখ মানুষ বিভিন্ন ধরনের সরকারি সেবা ও সুবিধা পেয়েছেন। দারিদ্র্যকে জয় করেছেন প্রায় ৪ লাখ মানুষ। ৮৫ হাজার প্রান্তিক শিশু শিক্ষার সুযোগ পেয়েছে।
৫০ হাজার মেয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা ছাড়াও প্রায় ৪ লাখ শ্রমিকের মানসম্মত কাজ নিশ্চিত হয়েছে। সংস্থার অধীনে প্রায় ৮৩ হাজার তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.