শিক্ষার্থীদের বাদ কিংবা ফেল নয়, বিশ্ববিদ্যালয়গুলো তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করে নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের ফেল করাচ্ছে, তা কিন্তু না। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
গতকাল বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ধারণ ক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাছাই করছে।
গণমাধ্যমে প্রকাশিত ছাত্রলীগের অর্থের বিনিময়ে নেতা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। বিষয়গুলো দেখার জন্য দলীয় ফোরামে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। তারা অভিযোগের সত্যতা খুঁজে বের করবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,
চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হেলাল হোসাইন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.