স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন ২৬ জুন ভোর ৬টা থেকে সবার জন্য পদ্মাসেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন। তবে ওই দিনই পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে না।
সচিব জানান, সবকিছু ঠিক থাকলে পদ্মা সেতু পার হয়ে বেলা ১১টায় তিনি জাজিরা প্রান্তের সমাবেশে যোগ দেবেন। ওপাশেও একটি উদ্বোধনী ফলক ও ম্যুরাল থাকবে সেটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাজিরা প্রান্তে আয়োজিত সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানগুলো এক সঙ্গে ৮ বিভাগ, ৬৪ জেলায় সরাসরি সম্প্রচার করা হবে।
বুধবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু শুধু দেশের সক্ষমতাই প্রমাণ নয়, অপমানের প্রতিশোধ।’
জনসভায় উপস্থিত হয়ে সকল গুজব এবং ষড়যন্ত্রের জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বানও জানিয়েছেন তিনি। গাড়ি চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘২৬ তারিখ সকাল থেকে টোল দিয়ে গাড়ি পারাপার হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.