
এমপিওভুক্ত শিক্ষকদের চলমান তিন দফা দাবির প্রতি সংহতি জানিয়ে যৌক্তিক দাবি দ্রুত আলোচনার মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সংগঠন গ্রীণ ফোরাম।
বুধবার (১৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজোয়ান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, শিক্ষকদের মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীতকরণ, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি। এই তিন দফা দাবির যৌক্তিকতা অস্বীকার করার সুযোগ নেই। দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এসব দাবি এখন সময়ের দাবি।
গ্রীণ ফোরাম নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রেখে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমরা মনে করি, সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহল অবিলম্বে আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসে একটি সম্মানজনক ও স্থায়ী সমাধান নিশ্চিত করবেন।
গ্রীণ ফোরাম আশাবাদ ব্যক্ত করে জানায়, অন্তর্বর্তী সরকার শিক্ষক সমাজের ন্যায্য দাবি সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আন্দোলনের পরিস্থিতি শান্তিপূর্ণ ও সমাধানমুখী প্রক্রিয়ায় রূপান্তরিত হবে।
তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে স্থিতিশীল রাখতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.