বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বুথের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) পূবালী ব্যাংক পিএলসি নেকমরদ শাখার আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কাতিহার বাজারের প্রধান প্রধান সড়ক ও ব্যবসাকেন্দ্র প্রদক্ষিণ করে কাতিহার পূবালী ব্যাংক সার্ভিস পয়েন্টে এসে শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের শুভ উদ্বোধন করেন।
পূবালী ব্যাংক পিএলসির নেকমরদ শাখা প্রধান মোঃ বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হুদা, মোঃ ওমর দায়াজ নূর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন এবং মোঃ সোহরাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান শিক্ষকের বক্তব্যে মোঃ নূরুল হুদা বলেন, স্মার্ট ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গঠনে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সহজ, নিরাপদ ও স্বল্প খরচে লেনদেন করতে পারবেন। এটি আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সময় ও খরচ বাঁচাবে।
শাখা প্রধান মোঃ বেলাল হোসাইন বলেন, গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ডিজিটাল ব্যাংকিং পৌঁছে দেওয়াই পূবালী ব্যাংকের প্রধান লক্ষ্য। বাংলা কিউআর ব্যবহারের ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং রাজস্ব আদায় ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, ক্যাশলেস ব্যবস্থার ফলে প্রান্তিক পর্যায়ে লেনদেন আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে। অনুষ্ঠান শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এই বুথ স্থাপনের মাধ্যমে পুরো ঠাকুরগাঁও জেলায় ডিজিটাল ব্যাংকিংয়ের পরিধি আরও বিস্তৃত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.