
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে আল্লামা ইকবালের ১৪৯ তম জন্মদিবস উদযাপিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) কলাভবনের ৩০৫৫ নম্বর কক্ষে 'উর্দু ডিপার্টমেন্ট কালচারাল ক্লাব' এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উর্দু বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো: গোলাম মাওলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি মাজেদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন উর্দু বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা সুলতানা রিপার সঞ্চালনায় কুরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর উর্দু বিভাগের ৩ জন শিক্ষার্থী আল্লামা ইকবালের বিখ্যাত উর্দু গজল 'বাচ্চে কি দোয়া' সবার সামনে উপস্থাপন করে। তারপর 'উর্দু ডিপার্টমেন্ট কালচারাল ক্লাব' এর আহবায়ক মো: তাওহীদুল ইসলাম আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি এবং দর্শকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।
সর্বমোট ৩ টি পর্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে (১) 'আল্লামা ইকবালের কাব্যে উপমহাদেশের রাজনীতি এবং পাশ্চাত্য ভাবনা' শিরোনামে রচনা প্রতিযোগিতা, (২) আল্লামা ইকবালের জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা এবং (৩) তার বিখ্যাত গজল/কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ইত্যাদি ছিল। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৩ টি সেগমেন্টে ৩ জন করে সর্বমোট ৯ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ইমামুল হাসান সৌরভ, সাজেদা আক্তার এবং ইরাতফা বিনতে রিদওয়ান।
কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সাজেদা আক্তার, সৈয়দা তানজির ফাতেমা এবং সুমাইয়া আক্তার রিয়া।
গজল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মো: তাওহীদুল ইসলাম, আসফি রহমান প্রতিভা এবং কাজী মহিবুল হাসান।
অনুষ্ঠানের ২য় পর্বে আল্লামা ইকবালের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 'একবিংশ শতাব্দীতে বাংলাদেশে আল্লামা ইকবালের প্রাসঙ্গিকতা' শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল বিশেষ আকর্ষণ 'মুশায়রা'। কবি মাজেদ ইকবাল তার লিখা উর্দু কবিতা সবার সামনে উপস্থাপন করেন। 'মুশায়রা' অংশে সভাপতিত্ব করেন উর্দু বিভাগের অধ্যাপক ড. মো: ইসরাফিল।
স্বাগত বক্তব্যে আহবায়ক বলেন, উর্দু বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক এবং সৃজনশীল প্রতিভাকে উদ্ভাসিত করার জন্য 'উর্দু ডিপার্টমেন্ট কালচারাল ক্লাব' এর যাত্রা শুরু হয়েছে। ক্লাবের প্রথম কার্যক্রম হিসেবে আজকে আমাদের এই আয়োজন। এখন থেকে ক্লাবের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে উর্দু বিভাগের শিক্ষার্থীদেরকে সাংস্কৃতিকভাবে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের অর্গানাইজিং স্কিল বৃদ্ধিতে এই ক্লাব কাজ করবে।
সভাপতির বক্তব্যে মো: গোলাম মাওলা বলেন, 'আল্লামা ইকবালের দর্শন চর্চার পাশাপাশি আমরা উর্দু সাহিত্যের বিখ্যাত অন্যান্য কবি যেমন; মির্জা গালিব, শিবলী নোমানী, আলতাফ হোছাইন হালি প্রমুখের সাহিত্য চর্চার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি।'
উর্দু বিভাগে আল্লামা ইকবালের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে ড. মো: আবুল কালাম সরকার বলেন, 'উর্দু এবং ফার্সির কবি আল্লামা ইকবালের চিন্তা এবং রাজনৈতিক দর্শনকে এই দেশের সর্বস্তরের মানুষ ধারণ করে। উর্দু বিভাগের আজকের এই আয়োজন আমাদেরকে ইকবালের দর্শনচর্চায় উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.