টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর সড়কের যদুরপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ভূঞাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।
ভোর ৫টার বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়ে কম-বেশি আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো জানান, আহতদের মধ্যে ১৭ জন প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় চালক ও হেলপার পালিয়ে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.