নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৬টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জুট ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত দুলু মিয়া বলেন, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সাতজন এ গোডাউনে গার্মেন্টের জুট রেখে ব্যবসা করি।
এখন গোডাউনের পোড়া টিন ছাড়া কিছুই নেই। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় লিংক রোডের উভয় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়। ফলে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.