সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার সকাল ১০টার দিকে গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি উল্টে মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ভ্যানে থাকা চারজন মারা যান। এসময় আহত হন অন্তত ১০ জন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ও আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.