
পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ।এসময় তারেক (১৬) নামের সাইকেল চালক এক কিশোরও আহত হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কলাপাড়া যাবার পথে বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া মস্তুকটানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতাবস্থায় স্থানীয়রা মেয়র ও সাইকেল চালক কিশোরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা এবং পুলিশ জানায়, এক সাইকেল চালক এবং ইঞ্জিন চালিত অটো রিকশার মধ্য সংঘর্ষে সাইকেল চালক কিশোর রাস্তায় পড়ে যায়। রাস্তায় পড়ে যাওয়া কিশোরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেয়রকে বহনকারী মাইক্রো গাড়ী উল্টে রাস্তার খাদে পড়ে যায়।
বরগুনা জেনারেল হাসপাতালের ডাঃ তারেক সাংবাদিকদের জানান, প্রাথমিক চিকিৎসা শেষে মেয়র এবং তারেক উভয়কে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।তিনি জানান,মেয়রের গলার বাম পাশের বন্ড এবং চোখে আঘাত লেগেছে। কিশোর তারেকের মাথায় গুরুত্বর আঘাত লেগেছে বলে তিনি জানান।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিবেন আজ ২১ মার্চ। সেই সঙ্গে উদ্বোধন হতে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ মেগা প্রকল্প পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের। এই কেন্দ্রটি ১৩২০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন। বর্তমান দুনিয়ার সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি। এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে অত্যাধুনিক ঢাকনাযুক্ত কোলডোম ব্যবহার করেছে যার কারণে পরিবেশের উপর কোনো প্রকার বিরূপ প্রভাব ফেলবে না। সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী পাবে সবচেয়ে আধুনিক সুযোগসুবিধা। প্রধানমন্ত্রীর এই চিন্তা থেকেই বাস্তবে রূপ নেয় পায়রা বিদ্যুৎকেন্দ্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.