রাজশাহীর তানোর ও বগুড়ায় র্যাবের যৌথ অভিযানে একটি আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে তানোরের কচুয়া নামাপাড়া এবং বগুড়ার শিবগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ ও র্যাব-১২-এর সদস্যরা এই যৌথ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র, সরঞ্জাম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি (মোল্লাপাড়া ক্যাম্প) এবং র্যাব-১২, বগুড়ার একটি চৌকস দল শুক্রবার ভোরে অভিযানে নামে। প্রথমে রাজশাহীর তানোর উপজেলার কচুয়া নামাপাড়া এলাকার ইয়ার উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের মূলহোতা জসিম উদ্দিন জুয়েল ওরফে মালুকে (৩০) গ্রেপ্তার করা হয়। জুয়েল বগুড়ার সোনাতলা থানার কুশারধোপ গ্রামের বুলুর ছেলে।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁর আরও চার সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব।
অভিযান চলাকালে ডাকাত চক্রের ব্যবহৃত একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। এ ছাড়া ডাকাতি করার জন্য ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরাঞ্জামাদিসহ বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজশাহী ও বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.