দিনাজপুরের ঘোড়াঘাট থেকে অপহরণের ২৪ ঘণ্টা পর ঢাকার আশুলিয়া থেকে নবম শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে স্বল্প সময়ে মেয়েটিকে উদ্ধার করায় খুশি পরিবার। গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৬)। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, ১৬ আগস্ট অপহৃতের চাচা সোনা মিয়া ঘোড়াঘাট থানায় এসে ভাতিজিকে অপহরণ করা হয়েছে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টা পর বুধবার ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.