
মোঃ মেহেদী হাসান কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর খালের কচুরিপানার মধ্য থেকে আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হলেও তাদের নাম জানায়নি পুলিশ।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের আরপিসিএল আবাসন সংলগ্ন খালের উত্তর পাশের কচুরিপানার মধ্যে থেকে আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দোলন গাজী (২৬) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দোলন গাজী ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ফোরকান গাজীর ছেলে।
থানা পুলিশ জানায়, ধানখালী আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দোলন গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। এ ঘটনায় মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এর প্রেক্ষিতে সিআইডি, থানা পুলিশ এবং পিবিআই পুলিশের একাধিক টিম অনুসন্ধানে মাঠে নামে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে খালের কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.