চিকিৎসক সেজে রোগীদের রক্ত নেন একটি ডায়াগনস্টিক সেন্টারের দালাল। পরে পরীক্ষার নামে আদায় করেন বাড়তি অর্থ।
রক্ত পরীক্ষার নামে টাকা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নগরের রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে রাজশাহীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের মালিক, অপরজন দালাল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে রোগীর রক্ত নিয়ে পরীক্ষার নামে জোর করে টাকা আদায়ের অভিযোগে গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন রাজশাহী মহানগরের রাজপাড়া থানার কেশবপুরের সালমান শরিফ ওরফে বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মকরমপুরের জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৩৭)। জাহিদুল ইসলাম রাজশাহী নগরের রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় থাকেন। তিনিই নগরের রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
রামেকে চিকিৎসাধীন এক রোগীর ছেলে সুমন আলী বলেন, তাঁর বাড়ি নওগাঁর আত্রাইয়ের মাধবপুর গ্রামে। বাবা সিরাজুল ইসলাম রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। গত সোমবার রাত ১০টার দিকে সালমান শরিফ নিজেকে হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে তাঁর বাবার শরীর থেকে রক্ত নেন। একই সঙ্গে আরও কয়েকজন রোগীর শরীর থেকেও রক্ত নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক মনে করে রোগীরা রক্ত দেন।
রক্ত সংগ্রহের পর সালমান রোগী সিরাজুল ইসলামের ছেলে সুমন আলীকে এক ঘণ্টা পর রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করতে বলেন। সুমন রাত ১১টার দিকে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে তাঁর বাবার রক্ত পরীক্ষার রিপোর্ট চাইতে গেলে চার হাজার টাকা দাবি করা হয়।
সুমন আলী বলেন, সরকারি চিকিৎসক ভেবে তাঁরা পরীক্ষা করার জন্য রক্ত দিয়েছেন। এত টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। তাই তিনি তাঁর বাবার চিকিৎসাসংক্রান্ত কাগজ ফেরত চাইলে সালমান, জাহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও দুজন তাঁকে ডায়াগনস্টিক সেন্টারে আটকে রেখে মারধর করেন। পরে তাঁর পকেটে থাকা ৪ হাজার ৫০ টাকা জোর করে ছিনিয়ে নেন।
সুমনের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরের রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা হয়। এরপর রাজপাড়া থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গতকাল বেলা পৌনে একটার দিকে রাজপাড়া থানার পুলিশ লক্ষ্মীপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে সালমান শরিফ ও জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে রামেক হাসপাতালে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ এর আগেও উঠেছে। বছরের ১৭ ডিসেম্বর পাবনার সুজানগর উপজেলার নওয়াগ্রামের শহীদ মণ্ডল ছেলে সিয়াম মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করেছিলেন। শিশুটির চাচাতো ভাই রাজীব মণ্ডল সে সময় প্রথম আলোকে জানিয়েছিলেন, ১৭ ডিসেম্বর ভোররাতে এক ব্যক্তি রামেক হাসপাতালে সিয়ামের শয্যার কাছে গিয়ে নিজেকে সার্জারির চিকিৎসক পরিচয় দেন। তিনি বলেন, ছয়টি ইনজেকশন দিতে হবে সিয়ামকে। তখন শহীদ মণ্ডল ওই ব্যক্তির কাছে ইনজেকশনের দাম জানতে চান। ওই ব্যক্তি জানান, হাসপাতালে নিলে দাম পড়বে ৩ হাজার ৪০০ টাকা। টাকা দিলে তিনিই ইনজেকশনের ব্যবস্থা করে দেবেন।
রাজীব মণ্ডল আরও বলেন, ওই ব্যক্তি তাঁর চাচার কাছ থেকে চার হাজার টাকা বুঝে নেন। অপর একটি ওয়ার্ডে ঢোকার পর ওই ব্যক্তির আর খোঁজ পাওয়া যায়নি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদানী বলেন, হাসপাতাল প্রাঙ্গণে এমন প্রতারণা বন্ধে তাঁরাও চেষ্টা করছেন। ১০০টি সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রস্তুতি নিচ্ছেন। চালু হলে প্রতারকদের ধরা সহজ হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.