রাজধানীর ডেমরায় সিপিসি-১, র্যাব-১০ (ধলপুর,যাত্রাবাড়ী, ঢাকা) এর অভিযানে জাল সার্টিফিকেট তৈরি করে প্রতারণার অভিযোগে মাজহারুল ইসলাম (২৪) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ৩ টি জাল সার্টিফিকেট ৩ নামে রেজিস্ট্রেশন করা, ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি প্রিন্টার, ১ টি কি বোর্ড ও ১ টি মাউস উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাকে আদালতে পাঠায় ডেমরা থানায় পুলিশ।
সোমবার দিবাগত রাত ১০ টার দিকে ডেমরার ষ্টাফ কোয়ার্টার ৩ তলা মার্কেটের বাবা মায়ের দোয়া ডিজিটাল ষ্টুডিও থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাজহারুলকে গ্রেফতার করা হয়।
তিনি হাজীনগর কামালের বাড়ীর ভাড়াটিয়া ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ধানুয়া গ্রামের মো. ইয়াছিন খানের ছেলে। এ বিষয়ে সোমবার দিনগত রাত দেড় টার দিকে গ্রেফতার মাজহারুলের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করে র্যাব-১০।
র্যাব-১০ এর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, মাজহারুল দীর্ঘ দিন ধরে ষ্টাফ কোয়ার্টারে ৩ তলা মার্কেটে বাবা মায়ের দোয়া ডিজিটাল ষ্টুডিও নামে দোকানটিতে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাল সার্টিফিকেট তৈরি করছে বলে তথ্য পাওয়া যায়।
গ্রেফতারের সময় তার কাছে ঢাকা বোর্ডের রেজিস্ট্রেশনসহ উচ্চ মাধ্যমিক ৩ টি জাল সার্টিফিকেট তৈরি করা পাওয়া গেছে। এসব আবার টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছিলো মাজহারুল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.