
ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় রাজশাহীতে এক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম সুজন মহন্ত (৩৭)। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে তার বাড়ি। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।
তিনি জানান, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন তাঁর ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা ঘরের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। এর মাধ্যমে তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানা পুলিশ সুজনকে আটক করে। তখন তার মোবাইল ফোন জব্দ করে ওই পোস্ট দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে পরদিন তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করে পুলিশ।

আইনজীবী ইসমত আরা আরো জানান, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদন্ডের পাশাপাশি জরিমানা করেছেন।
রায় ঘোষণার সময় আসামি সুজন মহন্ত আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.