ধারের টাকা ফেরত চাওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানি গাউজ দাঁড়িয়াকে (৪৫) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথাও জানায় তারা।
রোববার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে একথা জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান।
এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর ও সদর উপজেলার খানারপাড় গ্রাম থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার খানারপাড় গ্রামের কাইয়ুম মোল্লার ছেলে ইস্রাফিল মোল্লা (২২), একই গ্রামের হাসান উদ্দিন দাঁড়িয়ার ছেলে আজিজুর ওরফে কুটি দাঁড়িয়া (৫০) ও কামাল দাঁড়িয়ার ছেলে বজলু দাড়িয়া ওরফে রাজিব (২৩)।
আদনান তাইয়ান জানান, গ্রেপ্তারকৃত ইস্রাফিল, আজিজুর ও বজলু বিভিন্ন সময় গাউজ দাঁড়িয়ার দোকান থেকে বাকিতে কেনাকাটা ও টাকা ধার নিতেন। বাকি ও ধারের টাকা ফেরত চাওয়ায় তিনজন মিলে গাউজ দাঁড়িয়াকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তারা ২ ফেব্রুয়ারি রাতে গাউজ দাঁড়িয়াকে তার দোকানের ভেতরে কুপিয়ে হত্যা করে। পরে লাশ নিহতের বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়। ৩ ফেব্রুয়ারি সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, হত্যাকাণ্ড ঘটানোর পর ইস্রাফিল বাড়িতে চলে যায় ও পরের দিন আত্মগোপন করে। অন্য দুইজনকে যাতে কেউ সন্দেহ না করে সেজন্য তারা লাশ দাফনে সহযোগীতা করেন।
আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.